০১ আগস্ট ২০২৬, ১৪:২৩

দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, বস্তা তল্লাশি করে যা মিলল

দুই স্টেশনে বোম আতঙ্ক  © সংগৃহীত

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবরে শনিবার দুপুরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দুই স্থানের নিরাপত্তা জোরদার করে এবং ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। পরে দেখা যায়, মিরপুরে থাকা ব্যাগে ছিল একটি জর্দার কৌটা এবং ফার্মগেটে পাওয়া বস্তাটি ছিল সম্পূর্ণ খালি।

শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার থেকে ১টার মধ্যে মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে লিফটের কাছে একটি ব্যাগে বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থল ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ডিএমপির মিরপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ একটি বস্তুর খবর পাওয়া যায়। ঘটনাস্থলে পুলিশ কাজ করে। পরে বোম ডিসপোজাল ইউনিট ব্যাগটি পরীক্ষা করে এর ভেতরে একটি জর্দার কৌটা পায়। সেখানে কোনো বোমা ছিল না।

একই ধরনের ঘটনা ঘটে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচেও। ডিএমপির তেজগাঁও জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, স্টেশনের নিচে একটি পরিত্যক্ত বস্তা পাওয়া যায়। পরে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট সেটি পরীক্ষা করে দেখে, সেটি একটি খালি বস্তা। সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিরপুর-১০ স্টেশনে বোমা রাখা হয়েছে—এমন সন্দেহের মধ্যেই প্রায় একই সময়ে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচেও একটি পরিত্যক্ত বস্তা পড়ে থাকতে দেখা যায়। ব্যস্ততম এই দুই স্টেশনে পরিত্যক্ত বস্তু পড়ে থাকার ঘটনায় যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ডিএমপির সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে। নিরাপত্তার স্বার্থে দুই স্টেশনের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং সংশ্লিষ্ট এলাকা ঘিরে রাখা হয়। যাচাই-বাচাই শেষে দুই স্টেশনেই খালি ব্যাগ পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

এর আগে গত ২৪ জুলাই রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ‘ছাতা বোমার’ সন্ধান পাওয়া যায়। পরে বোম ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে। ওই ঘটনায় একজন পথচারী আহত হন।