৩১ জুলাই ২০২৬, ১৭:১৮

হবিগঞ্জে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ

হবিগঞ্জে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করল বিজিবি  © টিডিসি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত একটার দিকে মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপির একটি টহল দল সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নোয়াগাঁও এলাকায় অভিযান চালায়।

বিজিবির দাবি, এ সময় কয়েকজন ব্যক্তি ভারত থেকে কয়েকটি বস্তায় করে মাদক নিয়ে আসছিলেন। বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাঁরা বস্তাগুলো ফেলে পালিয়ে যান। পরে বস্তাগুলো তল্লাশি করে ৬০ কেজি ভারতীয় গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবি আরও জানায়, চলতি জুলাই মাসে ৫৫ বিজিবির বিভিন্ন অভিযানে ১৩২ কেজি ভারতীয় গাঁজা, ২১৯ বোতল ভারতীয় মদ, ১০ বোতল ইস্কফ সিরাপ, ৬ লিটার বাংলামদ ও পাঁচটি ইয়াবা জব্দ করা হয়েছে। এসব ঘটনায় মোট সাতজনকে আটক করা হয়েছে।

জব্দ করা মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া শেষে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।

৫৫ বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।