ধানমন্ডিতে ৮৯ লাখ টাকার চোরাচালানের স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ২
রাজধানীর ধানমন্ডিতে অভিযান চালিয়ে প্রায় ৮৯ লাখ টাকা মূল্যের চোরাচালানের স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বর্ণ চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন গোবিন্দ মন্ডল (৫২) ও রাজন চন্দ্র সরকার (৩৫)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ধানমন্ডি মডেল থানা সূত্র জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনা চোরাচালানের একটি স্বর্ণের চালান ধানমন্ডি হয়ে হাজারীবাগ এলাকায় নেওয়া হবে।
এ তথ্যের ভিত্তিতে ধানমন্ডি মডেল থানার একটি দল ধানমন্ডির ২৭ নম্বর সড়কে মোগল কাবাব রেস্তোরাঁর সামনে চেকপোস্ট বসায়।
একপর্যায়ে একটি মোটরসাইকেলের দুই আরোহীকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁদের কাছ থেকে চোরাচালানের স্বর্ণালংকার উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, অভিযানে ৮৯ লাখ টাকা মূল্যের চোরাচালানের স্বর্ণালংকার এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, উদ্ধার হওয়া স্বর্ণ বিদেশ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা হয়েছিল। পরে চোরাচালানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে তারা এসব স্বর্ণ বহন করছিল।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।