৩০ জুলাই ২০২৬, ২২:৪৪

মাদক সেবনের দায়ে দুই দুলালের ৬ মাসের কারাদণ্ড

মাদক সেবনের দায়ে দুই দুলালের ৬ মাসের কারাদণ্ড  © টিডিসি ফটো

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
 
বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ফুলপুর থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় মাদক সেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বওলা জগন্নাথপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. দুলাল মিয়া (৫৭), যিনি স্থানীয়ভাবে ‘গাঁজা দুলাল’ নামে পরিচিত, এবং বালিয়া গ্রামের মো. শাহেদ আলীর ছেলে মো. দুলাল মিয়া (৩৫)।
 
ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের অপরাধে উভয়কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
 
পুলিশ প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।