৩০ জুলাই ২০২৬, ১৩:৫২

সিঁধ কেটে ঘরে ঢুকেছিল দুর্বৃত্তরা, সকালে মিলল স্কুলশিক্ষিকার লাশ

শিক্ষিকার মরদেহ উদ্ধারের পর এলাকাবাসীর ভিড়। বৃহস্পতিবার দুপুরে পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত বারইপাড়া গ্রামে  © টিডিসি ফটো

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় টয়লেটের ট্যাংকি থেকে এক স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে বাড়ির পাশে টয়লেটে ট্যাংকি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত গীতা রানী (৪৫) উপজেলার একদন্ত ইউনিয়নের একদন্ত বারইপাড়া গ্রামের নন্দ দাসের স্ত্রী। তিনি চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

গীতা রানীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশসহ স্থানীয়রা। তারা জানান, রাত ৩টার দিকে দুর্বৃত্তরা সিঁধ কেঁটে ঘরের ভিতরে প্রবেশ করে। পরে গীতা রানী টের পেলে দুর্বৃত্তদের সাথে তার ধস্তাধস্তি হয়।

আরও পড়ুন: প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

এক পর্যায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তাকে বাড়ির পাশে পরিত্যক্ত টয়লেটের টাংকিতে ফেলে দেয়। সকালে তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে ১১টার দিকে টয়লেটের ট্যাংকিতে তার লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

ওসি নাজমুল হক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। কারা কেন কীভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।