৩০ জুলাই ২০২৬, ১২:৫০

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত আরসার সদস্য

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প  © সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মো. জুবায়ের (৩৪) নামের আরসার এক সদস্য নিহত হয়েছেন। মসজিদে যাওয়ার পথে সশস্ত্র হামলার শিকার হন তিনি। প্রাথমিকভাবে আরসা ও আরএসওর অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন এইচ/২৯ ব্লকে এ ঘটনা ঘটে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে জুবায়ের নিজ বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে বের হয়ে প্রতিবেশী ইব্রাহিমের বাড়ির সামনে পৌঁছালে একদল অজ্ঞাত অস্ত্রধারী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। হামলার পরপরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ জুবায়েরকে স্থানীয়রা উদ্ধার করে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা ও আরএসওর মধ্যে চলমান অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিস্তারিত তদন্ত কার্যক্রম চলছে।