২৮ জুলাই ২০২৬, ১৬:২২

সাংবাদিককে হাতুড়ি দিয়ে হামলার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

সাংবাদিককে হাতুড়ি দিয়ে হামলার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার  © সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তরের স্থানীয় প্রতিনিধি সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) রাতে কুয়াকাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৮ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার হওয়া দুজন হলেন—কুয়াকাটা পৌর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শহিদ সিকদার এবং ৮ নং ওয়ার্ড শ্রমিকদলের সহ-সভাপতি নাসির হাওলাদার। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কুয়াকাটা সমুদ্রসৈকত এলাকায় হোটেল সৈকতের সামনে সাংবাদিক কে এম বাচ্চুর ওপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, কুয়াকাটা পৌর ছাত্রদলের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি বায়েজিদ রানা, পৌর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শহিদ সিকদার, ধর্মবিষয়ক সম্পাদক হারুন মুসল্লি, ৮ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সহ-সভাপতি নাসির হাওলাদারসহ কয়েকজন তাকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

আহত সাংবাদিকের পরিবারের অভিযোগ, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি কুয়াকাটার একটি হোটেলে এক তরুণীকে জোরপূর্বক নিয়ে শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় প্রকাশিত সংবাদের জের ধরে তার ওপর এই হামলা চালানো হয়েছে। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় তারা ক্ষুব্ধ ছিলেন। এ কারণে এর আগেও তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের দাবি।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার হওয়া দুজনকে আদালতে পাঠানো হয়েছে।’