চট্টগ্রামে র্যাবের অভিযান, গাঁজা চাষের অভিযোগে আটক ১
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ১২টি গাঁজা গাছ উদ্ধার করেছে র্যাব-৭, চট্টগ্রাম। এ ঘটনায় গাঁজা গাছ চাষাবাদের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, বায়েজিদ বোস্তামী থানার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাজিনগর এলাকায় লোকমান হোসেন তার বসতঘরের টিনের চালের ওপর প্লাস্টিকের টবে সুকৌশলে গাঁজা গাছের চাষ করে আসছিলেন।
এ তথ্যের ভিত্তিতে সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে র্যাব-৭-এর একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার হায়দ্রাবাদ গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে লোকমান হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পরে তার বসতঘরের টিনের চালের ওপর রাখা দুটি প্লাস্টিকের বালতির টব থেকে প্রতিটিতে ছয়টি করে মোট ১২টি গাঁজা গাছ উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত গাঁজা গাছের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।