অবৈধ বনভূমি উচ্ছেদে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার বন বিভাগের কর্মকর্তারা
কক্সবাজারের সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ পানের বরজ উচ্ছেদে অভিযান চালাতে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বন বিভাগ।
সোমবার (২৭ জুলাই) সকালের দিকে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বন বিভাগের দাবি, সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ পানের বরজ উচ্ছেদে আইনানুগ অভিযান পরিচালনার সময় একদল ভূমিদস্যু দেশীয় অস্ত্র নিয়ে বনকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।
আহতরা হলেন- পানেরছড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম, বাগান মালি মো. সাজিদ এবং ইআরটি সদস্য মিজানুর রহমান। তাদের মধ্যে রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলমসহ তিনজনের শারীরিক অবস্থা গুরুতর। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হতে পারে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, হামলার সঙ্গে পানেরছড়া সমিতিপাড়া ও দক্ষিণ মিঠাছড়ি এলাকার ৬ নম্বর ওয়ার্ডের নাজির (৫০), সাহাবউদ্দিন, জসিম ও আবদুল্লাহর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এছাড়া হামলায় আরও কয়েকজন অংশ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।
বন বিভাগের একাধিক কর্মকর্তা বলছেন, সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করতে গেলেই একটি প্রভাবশালী চক্র বারবার হামলা, বাধা ও ভয়ভীতি প্রদর্শনের পথ বেছে নিচ্ছে। সর্বশেষ এ হামলার ঘটনায় বনকর্মীদের নিরাপত্তা এবং বনভূমি রক্ষায় কঠোর পদক্ষেপের দাবি জোরালো হয়েছে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংরক্ষিত বনভূমি রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে অবৈধ দখল উচ্ছেদে গেলে বনকর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।