ময়মনসিংহে ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষক মৃত্যু
ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভায় নির্মাণাধীন একটি চারতলা ভবনের ছাদ থেকে পা পিছলে পড়ে মুনজরুল হক মোখলেছ (৫৮) নামের এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও দুলমা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন।
রবিবার (২৬ জুলাই) বিকেলে পৌরসভার মডেল মসজিদ-সংলগ্ন নিজ বাসার চারতলা ভবনের ছাদের ময়লা পরিস্কার করার সময় পা পিছলে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্তায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে রাতে মৃত্যু হয়।
সোমবার সকাল ৯টায় ফুলবাড়িয়া কেআই কামিল মাদ্রাসা মাঠে প্রথম জানাজা এবং সকাল ১১টায় নিজ গ্রাম শুশুতি ডাকের ভিটায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী ও তিন কন্যাসন্তান রেখে গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন বিকেল ৫টার দিকে ছাদের ওপর ময়লা পরিষ্কার স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্থানান্তর করে। রাত ১০টার দিকে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।