২৭ জুলাই ২০২৬, ১৭:০৪

গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গ্রেপ্তার সজিব মিয়া  © সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫০টি ইয়াবা ট্যাবলেটসহ সজিব মিয়া (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। এ অভিযানে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে কোটালীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানারপাড়া এলাকায় র‌্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্প এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এস এম রেজাউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে থানারপাড়া এলাকার বাসিন্দা মিরাজ মিয়ার ছেলে সজিব মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৯৫০টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।