২৭ জুলাই ২০২৬, ১৬:৩০

মিরসরাইয়ে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

ইয়াবা বড়িসহ আটক নুর আলম  © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ৬০৬টি ইয়াবা বড়িসহ নুর আলম নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৭ জুলাই) দুপুরে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে ওই দিন ভোরে উপজেলার বারইয়ারহাট পৌর সভার ৫নং ওয়ার্ড নন্দীগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক নুর আলম কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৬-এর (এফসিএন-১০৭৩০৩), সাব-ব্লক বি/৪, ব্লক-বি এলাকার বাসিন্দা এবং গুরা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, টহলরত পুলিশের উপস্থিতি টের পেয়ে নুর আলম পালানোর চেষ্টা করলে সন্দেহের ভিত্তিতে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার প্যান্টের পকেট থেকে ৬০৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর আলম জানান, তিনি কক্সবাজার সীমান্ত এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করেন। বিভিন্ন রুট ব্যবহার করে ঢাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তিনি ঢাকাগামী বাসের অপেক্ষায় ছিলেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। জোরারগঞ্জ থানা এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।