চাঁদপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরাফাত সানি গ্রেপ্তার
চাঁদপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরাফাত সানিকে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ। রবিবার (২৬ জুলাই) দিবাগত রাতে শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। তবে এবার তাকে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দাবি, জুলাই-চব্বিশের আন্দোলনের সময় আরাফাত সানি ছাত্রদের ওপর হামলাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এসব অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ জানান, রবিবার দিবাগত ভোর রাতে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনার সময় আরাফাত সানিকে তার নিজ বাসায় পাওয়া যায়। পরে এসআই কালাম গাজীর নেতৃত্বাধীন অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। তার বিরুদ্ধে করা মামলার অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনি কার্যক্রম চলমান।