২৭ জুলাই ২০২৬, ০০:২৫

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর খাবার পানির ট্যাংকে বিষ মিশিয়ে দিয়েছে সন্ত্রাসীরা

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুর  © সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্প ও সংলগ্ন একটি প্রাথমিক বিদ্যালয়ের পানি সরবরাহ লাইনে রাসায়নিক বিষ মিশিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। রবিবার বিষয়টি সময়মতো টের পাওয়ায় যৌথ বাহিনীর সদস্য এবং কোমলমতি শিক্ষার্থীদের বড় ধরনের প্রাণহানি ও বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়া গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আলিনগর এলাকার পুলিশ, বিজিবি, র‍্যাব ও সেনাবাহিনীর ওই যৌথ ক্যাম্পে সকালে পুলিশ সদস্যরা মুখ ধুতে গেলে পানির ঘোলাটে ভাব ও একটি উৎকট গন্ধ পান। পানি মুখে দেওয়ার পরপরই কয়েকজন সদস্যের চোখে তীব্র জ্বালাপোড়া শুরু হয়। এতে তাদের সন্দেহ হলে বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। 

পরে পানির মূল লাইনে তল্লাশি চালিয়ে দেখা যায়, সাবমার্সিবল পাম্প থেকে ক্যাম্প ও স্কুলে যাওয়া পানির পাইপ কেটে তাতে রাসায়নিক কীটনাশক প্রবেশ করানো হয়েছে। কৌশল হিসেবে বিষয়টি আড়াল করতে কাটা অংশটি পলিথিন দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে রাখা হয়েছিল। বিষাক্ত পানির সংস্পর্শে এসে ৩ থেকে ৪ জন পুলিশ সদস্য হালকা শারীরিক অসুস্থতা ও ফুড পয়জনিংয়ে আক্রান্ত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, দুর্গম জঙ্গল সলিমপুরে পুনরায় অপরাধী সাম্রাজ্য গড়ে তোলার লক্ষ্যে সন্ত্রাসীচক্র এই জঘন্য পথ বেছে নিয়েছে। এর আগেও তারা ক্যাম্পটি তুলে দেওয়ার উদ্দেশ্যে একাধিকবার বিদ্যুৎ ও পানির লাইন কেটে দিয়েছিল এবং সুযোগ বুঝে ক্যাম্পে হামলাও চালিয়েছিল। তবে যৌথ বাহিনীর কঠোর অবস্থানের কারণে তারা সুবিধা করতে না পেরে শেষ পর্যন্ত পানির লাইনে বিষ মেশানোর মতো অমানবিক ও গুপ্ত কৌশলের আশ্রয় নিয়েছে।

ঘটনার পর পুলিশ ও যৌথ বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক জানান, সাবমার্সিবল পাম্পের এই পানি সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরাও ব্যবহার করে। সকালে পুলিশ সদস্য বা শিশুরা বিষাক্ত এই পানি পান করলে ভয়াবহ অঘটন ঘটতে পারত। শুরুতেই বিষয়টি ধরা পড়ায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।