২৬ জুলাই ২০২৬, ১৮:১৬

অবৈধ ভিওপি সিম রাখায় দায়ে ৪ কোম্পানিকে ৮ কোটি ৬৮ লাখ টাকা জরিমানা 

প্রতীকী ছবি  © সংগৃহীত

অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশনে (ভিওআইপি) ব্যবহৃত ৮ হাজার ৬৮২টি সিম শনাক্ত করার পর দেশের চার মোবাইল ফোন অপারেটরকে মোট ৮ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির উপপরিচালক শারমিন সুলতানা স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে গত ২১ জুলাই চার অপারেটরকে পৃথকভাবে এই অর্থদণ্ড প্রদানের বিষয়টি জানানো হয়। প্রতিটি অবৈধ ভিওআইপি সিম ব্যবহারের বিপরীতে অপারেটরগুলোকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে এবং আগামী ১০ দিনের মধ্যে এ অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অপারেটরভিত্তিক জরিমানার হিসাব অনুযায়ী, সর্বাধিক ৫ হাজার ৯৩৫টি অবৈধ সিম শনাক্ত হওয়ায় রবি আজিয়াটাকে ৫ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাংলালিংকের ১ হাজার ৮৮২টি সিমের বিপরীতে ১ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকা, রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের ৬৮১টি সিমের বিপরীতে ৬৮ লাখ ১০ হাজার টাকা এবং গ্রামীণফোনের ১৮৪টি সিমের বিপরীতে ১৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিটিআরসি এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) যৌথ অভিযানে সম্প্রতি চট্টগ্রাম ও কুমিল্লা থেকে এসব অবৈধ সিম শনাক্ত করা হয়। বিটিআরসি উল্লেখ করেছে, টেলিকম আইন ও লাইসেন্সের শর্ত অনুযায়ী অবৈধ কল টার্মিনেশন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে অপারেটরগুলো।

তবে এ সিদ্ধান্তের বিষয়ে আপত্তি প্রকাশ করেছে রবি আজিয়াটা। প্রতিষ্ঠানটির চিফ করপোরেট ও রেগুলেটরি অফিসার ব্যারিস্টার সাহেদ আলম জানান, বিটিআরসির নোটিশ তারা এখনো আনুষ্ঠানিকভাবে পাননি এবং সংবাদমাধ্যমে উল্লেখিত তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এমন পদক্ষেপ গ্রহণ বিধিসম্মত নয় উল্লেখ করে তিনি বলেন, সংবাদমাধ্যমে উঠে আসা সিমগুলোর ৯৫ শতাংশেরও বেশি অনেক আগেই নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন ছিল।

অন্যদিকে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী জানান, বায়োমেট্রিক ও নিয়ন্ত্রক সংস্থার সকল শর্ত মেনে তারা ব্যবসা পরিচালনা করছেন। তবে ব্যক্তিপর্যায়ে গ্রাহক নিজ সংযোগ অবৈধ কাজে ব্যবহার করলে সেটির দায় গ্রাহকের ওপর বর্তায় উল্লেখ করে তিনি জানান, বিষয়টি নিয়ে বিটিআরসির সঙ্গে তাঁদের আলোচনা চলছে।