নেত্রকোনায় ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
নেত্রকোনার কেন্দুয়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কেন্দুয়া থানা পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম।
কেন্দুয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) দুপুরের দিকে গোপন তথ্যের ভিত্তিতে কেন্দুয়া পৌর শহরে অভিযান চালায়। এ সময় দুই ইয়াবা ব্যবসায়ীর কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন, কেন্দুয়া পৌরসভার আরামবাগ এলাকার মৃত মতিউর রহমানের ছেলে আরিফ হোসেন (৪৯) এবং চন্দ্রগাতী এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে ফারুক আহমেদ পারুল (৪৫)। তাদের প্রত্যেকের কাছ থেকে ১০০ পিস করে মোট ২০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সরবরাহ করে আসছিলেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম বলেছেন, গ্রেফতার আরিফ হুসেন এবং ফারুক আহমেদ পারুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে এবং আগামীকাল সকালে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হবে।