বরগুনায় ইয়াবাসহ মাদক কারবারিসহ গ্রেপ্তার
বরগুনায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০টি ইয়াবাসহ মো. সাখাওয়াত হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে বরগুনা পুলিশ সুপার কুদরত ই খুদা এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চট্টগ্রাম থেকে বরগুনাগামী একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ ইয়াবা বহন করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ জুলাই) সকাল থেকেই বরগুনা বাসস্ট্যান্ড এলাকায় গোয়েন্দা নজরদারি রাখা হয়।
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বাসটি বরগুনা বাসস্ট্যান্ডে পৌঁছালে বাসে থাকা সাখাওয়াত হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত বাস থেকে নেমে পালানোর চেষ্টা করেন। এ সময় ডিবি পুলিশের সদস্যরা তাকে সন্দেহজনকভাবে আটক করেন।
পরে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ব্যাগে ইয়াবা থাকার কথা স্বীকার করেন সাখাওয়াত। এরপর ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৫০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, উদ্ধার হওয়া ইয়াবার বর্তমান বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য পরিবহন ও বেচাকেনার অভিযোগে সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বরগুনা পুলিশ সুপার কুদরত ই খুদা বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আগামী দিনগুলোতেও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।