২২ জুলাই ২০২৬, ২১:৪৩

বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ  © সংগৃহীত ও সম্পাদিত

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২২ জুলাই) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ জুলাই কসবা উপজেলার আখাউড়া, চন্ডিদার, কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় অবৈধ বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, গরু, কাজুবাদাম, বাঁজি, কিসমিস, শিং মাছ, বাংলাদেশি কুইচ্ছা মাছ, স্কিন পাউডার, ক্লিনিক প্লাস শ্যাম্পু, মদ, গাঁজা, ইজিবাইক ও সিএনজি জব্দ করা হয়। বিজিবির তথ্যমতে, জব্দ করা চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য ৬০ লাখ ১৯ হাজার ৯৮৪ টাকা।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শরিফুল ইসলাম জানান, সীমান্তে মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এসব অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।