২২ জুলাই ২০২৬, ২১:১৯

চুরির অপবাদে শিশুকে রড দিয়ে পেটালেন শিক্ষক, ধরে পুলিশে দিল স্থানীয়রা

বাম দিক থেকে- অভিযুক্ত শিক্ষক সোহানুর রহমান সোহান ও আহত শিক্ষার্থী মাহফুজুর রহমান।   © সংগৃহীত ও সম্পাদিত

পাবনায় একটি মাদ্রাসার শিক্ষার্থীকে চুরির অপবাদে বেত ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি গত সোমবার (২০ জুলাই) ঘটলেও সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে একটি ভিডিও ভাইরাল হলে সবার নজরে আসে।

অভিযুক্ত সোহানুর রহমান সোহান (২৫) পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পীরপুর গ্রামের জামিয়াতুস সুন্নাহ আবাসিক হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। গুরুতর জখমের শিকার শিক্ষার্থী মাহফুজুর রহমান (১৩) দিনাজরপুর সদর থানার গণির মোড়ে নতুনপাড়া এলাকার সাগর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, গত সোমবার ও মঙ্গলবার দফায় দফায় শিশু শিক্ষার্থী মাহফুজুর রহমানকে চুরির অপবাদ দিয়ে বেত ও লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারধর করেন শিক্ষক সোহানুর রহমান সোহান। এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়। 

বিষয়টি মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে স্থানীয়দের নজরে আসে। ঘটনা জানাজানির পর স্থানীয়রা সন্ধ্যা সাতটার দিকে মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষক সোহানকে গণপিটুনি দেয়। পরে তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করেন তারা।  

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষক ও আক্রান্ত শিশু শিক্ষার্থীকে স্থানীয়দের সহায়তায় থানায় আনা হয়। পরে অভিযুক্ত শিক্ষক ও শিশুটিকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

বুধবার (২২ জুলাই) অভিযুক্ত শিক্ষক সোহানকে ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটিকে বুধবার হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়।