২০ জুলাই ২০২৬, ১৯:৫৫

নওগাঁয় বিস্ফোরক ও শ্লীলতাহানির মামলায় আটক দুই শিক্ষক বরখাস্ত

বাম দিক থেকে: জিয়াউর হক ও মাহফুজুর রহমান  © টিডিসি ফটো

নওগাঁর মান্দার পরানপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজুর রহমান বিস্ফোরক মামলায় এবং সহকারী শিক্ষক জিয়াউর হক সহকর্মীর দায়েরকৃত শ্লীলতাহানির মামলায় জেল হাজতে রয়েছেন। এ ঘটনায় ওই দুই শিক্ষককে বরখাস্ত করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (২০ জুলাই) প্রধান শিক্ষক মো. আ. ওয়াহেদ আলী স্বাক্ষরিত বরখাস্তের চিঠিতে তাদের ঠিকানায় প্রেরণ করেছে। 

বিদ্যালয়ের বরখাস্তকৃত সমাজবিজ্ঞান বিষয়ের শিক্ষক মাহফুজুর রহমান পরানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এবং বরখাস্তকৃত অপর শিক্ষক জিয়াউর হক ওই বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক।

বরখাস্তের চিঠিতে বলা হয়েছে, বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের শিক্ষক হিসেবে চাকরি করে আসছেন। আপনি প্রায় বিদ্যালয়ে অনিয়মিতভাবে উপস্থিত থাকেন। পরবর্তীতে জানা যায় যে, ২০২৪ সালের ৭ অক্টোবর দায়েরকৃত ফৌজদারি মামলায় গত ১৪ জুলাই থেকে কারাগারে অবস্থান করছেন। এ অবস্থায় আপনার অনুপস্থিতির কারণে এবং কারাগারে অবস্থান করায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা ২০২৫ এর ১৯ ধারা মোতাবেক আপনাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন সময়ে সরকারি বিধি মোতাবেক ভাতা প্রাপ্ত হবেন।

অপর চিঠিতে বলা হয়েছে, বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক হিসেবে চাকরি করে আসছেন। কর্মকালীন সময়ে আপনি প্রতিষ্ঠানের একজন মহিলা শিক্ষিকা জাহানারা খাতুনের সাথে বিভিন্ন অশ্লীল কথাবার্তা, মানহানিকর কার্যকলাপ এবং মারপিটের চেষ্টা করছেন বলে গত ১০ জুন একটি অভিযোগ ওঠে। এছাড়াও আপনি সার্বক্ষণিক প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও কর্তৃপক্ষের সঙ্গে খারাপ ব্যবহার করে আসছেন। 

গত ২১ জুন মান্দা থানার নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। এ অবস্থায় আপনার অনুপস্থিতির কারণে এবং কারাগারে অবস্থান করায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৫ এর ১৯ ধারা মোতাবেক আপনাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন সময়ে সরকারী বিধি মোতাবেক ভাতা প্রাপ্ত হবেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. ওয়াহেদ আলী বলেন, বরখাস্তকৃত দুই শিক্ষক বর্তমানে জেল হাজতে আছেন। তাদের জেল হাজতে থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী এর নির্দেশে এমপিও নীতিমালা অনুযায়ী বরখাস্ত করা হয়েছে।