রাজধানীতে স্কুল ভবনের ছয়তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
রাজধানীর খিলগাঁওয়ে একটি সরকারি উচ্চবিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছয়তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. শামীম (২২)। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে। নির্মাণাধীন ভবনেই থেকে তিনি কাজ করতেন।
শনিবার সকাল ৮টা ১০ মিনিটের দিকে খিলগাঁও আনসার ক্যাম্পসংলগ্ন সরকারি উচ্চবিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ শামীমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার রাকিবুল জানান, সকালে ভবনের ছয়তলায় ক্রেনের মাধ্যমে ইট ও বালু ওপরে তোলার কাজ করছিলেন শামীম। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাকিবুল বলেন, কীভাবে শামীম নিচে পড়ে যান, তা কেউ সরাসরি দেখেননি। নিচে থাকা শ্রমিকেরা প্রথমে বিষয়টি বুঝতে পারেন। ময়নাতদন্ত শেষে প্রতিষ্ঠানের খরচে মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।