১৭ জুলাই ২০২৬, ২২:১৪

তাবিজ দেওয়ার কথা বলে ধর্ষণ চেষ্টা, জামায়াতের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার

অভিযুক্ত মোস্তাফিজুর রহমান, ভুক্তভোগী নারী  © টিডিসি ফটো

তাবিজ দেওয়ার কথা বলে নিজ বসতঘরে ডেকে নেওয়ার পরে এক নারীকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগের মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক।

শুক্রবার (১৭ জুলাই) পটুয়াখালীর মির্জাগঞ্জ  উপজেলার উত্তর চৈতা গ্রামের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

অভিযোগ ব্যক্তির নাম মো. মোস্তাফিজুর রহমান মাহাবুবব (৪৫)। তিনি মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি উত্তর চৈতা গ্রামের মরহুম জয়নাল মৌলভীর ছেলে এবং পেশায় একজন পল্লী চিকিৎসক। তার দোকান বাড়ি সংলগ্ন বলে জানান স্থানীয়রা।

আরও পড়ুন : চোরকে আটক করে শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ পড়াল গ্রামবাসী 

ভুক্তভোগী নারীর অভিযোগ, ভুক্তভোগীর ভাতিজাকে বদনজর ও জীনের আসর মুক্ত রাখতে একটি তাবিজ দেওয়ার কথা বলেছিলেন  মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় তাবিজ দেওয়ার জন্য ভুক্তভোগীকে নিজ ঘরে ডেকে আনেন অভিযুক্ত মোস্তাফিজ। পরে ফাঁকা ঘরে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়। 

পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর পরিবারে স্বামী ও ৯ বছরের এক সন্তান রয়েছে। এক বছর আগে স্বামীর সাথে সম্পর্কের অবনতি ঘটে। পরে মোস্তাফিজুর রহমানের সাথে ভুক্তভোগীর পরিচয় হয়। ভুক্তভোগীর বিভিন্ন সমস্যার বিষয় সহযোগিতা করার আশ্বাস দেন অভিযুক্ত মোস্তাফিজ। ভুক্তভোগী আগেও অভিযুক্তের থেকে তাবিজ নিয়েছিলেন। ঘটনার দিন সকালে অভিযুক্তর স্ত্রী ও সন্তানরা তার শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। 

এদিন সন্ধ্যার দিকে ওই নারীকে ভাতিজার তাবিজ দেওয়ার কথা বলে নিজের বসতঘরে নিয়ে আসেন মোস্তাফিজ। প্রায় দুই ঘন্টায় ঘর থেকে কেউ বের হয়নি। স্থানীয়দের বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা ওই ঘরের আঙিনায় প্রবেশ করেন। একটি কক্ষে আপত্তিকর অবস্থায় অভিযুক্তকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করেন এবং ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী মামলা গ্রহণ করেন। 

এ বিষয়ে মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সিরাজুল ইসলাম জানান, ‘ঘটনাটি এখনো কেউ আমাকে জানায়নি।  খোঁজ নিয়ে জানব। অভিযোগ সত্য হলে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।  

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান জানান, ভুক্তভোগী  নারীর দায়ের করা ধর্ষণ চেষ্টার মামলায় আসামি মোস্তাফিজুর রহমান মাহাবুবকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।