বাগেরহাটে ঘরে পড়ে ছিল দম্পতির মরদেহ, চিরকুট উদ্ধার
বাগেরহাটের শরণখোলায় নিজ ঘরের শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ‘মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ উল্লেখ করে লেখা একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার রাজৈর গ্রামের নিজ ঘর থেকে বিছানায় শোয়া অবস্থায় ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের মো. কবির হোসেন ও তার স্ত্রী হালিমা বেগম। তিনি পেশায় জেলে ছিলেন। হালিমার বাড়িও একই এলাকায়।
এই দম্পতির দুই সন্তান রয়েছে। একজনের বয়স পাঁচ বছর ও আরেকজনের দুই মাস। অবুঝ এই দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে, তা জানতে ময়নাতদন্তের জন্য দম্পতির মরাদেহ বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
তিনি আরও বলেন, কবির ও হালিমার মধ্যে এক সপ্তাহ ধরে ঝগড়া-বিবাদ চলছিল। হালিমা বেগমের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুরো বিষয়টি এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তদন্ত চলছে, রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।