অসহায় ও দরিদ্র রোগীদের বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিকে পাঠাতেন তারা
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ‘দালাল চক্রের’ ১৪ সদস্যকে আটক করেছে র্যাব-১৪। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। হাসপাতাল চত্বরে রোগী ও স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণা এবং দালালির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র হাসপাতালের অসহায় ও দরিদ্র রোগীদের টার্গেট করে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এসব অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার
প্রাথমিক তথ্যে জানা গেছে, আটক ১৪ জনের মধ্যে চারজন এর আগেও একই অভিযোগে দুবার করে আটক হয়েছিলেন। আইনগত প্রক্রিয়া শেষে তারা আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে।
র্যাব জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে হাসপাতাল এলাকায় দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।