১৫ জুলাই ২০২৬, ১৭:৫৮

পুকুর থেকে স্কুল ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার,পরিবারের দাবি হত্যা

নিহত জুনাইদ  © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় নিখোঁজের এক দিন পর পুকুর থেকে এক স্কুল ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জুনাইদ উপজেলার বহুলী গ্রামের মো. দিলোয়ার হোসেন ও মোছা. তাজ মহল আক্তারের ছেলে। সে স্থানীয় নওপাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে জুনাইদ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ দুপুর ১টার দিকে স্থানীয় লোকজন একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেন।

খবর পেয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম এবং নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সারোয়ার জাহান কাউসার ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার কার্যক্রম তদারকি করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতের চাচাতো ভাই মোখলেছুর রহমানের দাবি, পূর্বের প্রতিহিংসার জের ধরে পরিকল্পিতভাবে জুনাইদকে হত্যা করা হয়েছে। তার অভিযোগ, শ্বাসরোধ করে হত্যা করার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়। একই দাবি করেছেন স্বজন ও এলাকাবাসীদের একটি অংশ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।