লোহাগাড়ায় প্রাইভেটকার থেকে দুই এলজি উদ্ধার, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পুলিশের চেকপোস্ট এড়িয়ে পালানোর সময় যানজটে আটকা পড়া একটি প্রাইভেটকার থেকে দুটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যুবদল নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চুনতি সরকারি মহিলা কলেজের প্রধান ফটক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার গাছির বাড়ির মৃত রব পাটোয়ারীর ছেলে হোসাইন আহম্মেদ প্রকাশ আলমগীর (৪২), কক্সবাজার জেলার মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়া পাড়ার আবদুস শুক্কুরের ছেলে ও বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষা-বিষয়ক সম্পাদক আয়াত উল্লাহ হুমায়নী প্রকাশ মোহাম্মদ আয়াতুল্লাহ (২৮) ও ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কোনাপাড়ার নবী হোসেনের ছেলে ও প্রাইভেটকার চালক মো. আসাদুজ্জামান (৩৮)।
জানা যায়, লোহাগাড়া থানা-পুলিশের নিয়মিত তল্লাশির অংশ হিসেবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামানোর সংকেত দিলে সেটি দ্রুত চেকপোস্ট এড়িয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ ওই প্রাইভেটকারটির পিছু নেয়। একপর্যায়ে প্রাইভেটকারটি চুনতি সরকারি মহিলা কলেজের প্রধান ফটকের সামনে যানজটে আটকা পড়লে সেখানে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় তৈরি এলজিসহ প্রাইভেটকারে থাকা হোসাইন আহম্মেদ, মোহাম্মদ আয়াতুল্লাহ ও চালক মো. আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, চেকপোস্ট পরিচালনার সময় ওই প্রাইভেটকাটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ পিছু নেয়। পরে দুটি এলজি উদ্ধার এবং ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলার পর আদালতের কাছে সোপর্দ করা হবে।