১৫ জুলাই ২০২৬, ০৭:৪৭

রাজধানীতে সিদ্ধেশ্বরী কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল  © সংগৃহীত

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের একটি বাসা থেকে আছিয়া আক্তার মিম (২৬) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। প্রায় এক মাস আগে তার বিয়ে হয়েছিল।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় মিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিমের স্বামী ইমামুল ইসলাম জানান, এক মাস আগে তাদের বিয়ে হয়। নতুন বাড়ির নির্মাণকাজের জন্য তিনি বিকেলে বাসার বাইরে ছিলেন। ফিরে এসে দোতলার একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। পরে ঘুম থেকে উঠে স্ত্রীকে খুঁজে না পেয়ে তিনতলার একটি কক্ষের সামনে যান। কক্ষটির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মিমকে ঝুলতে দেখেন।

পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিম দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার প্রয়াত মনিরুজ্জামানের মেয়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।