১১ জুলাই ২০২৬, ১২:৫২

টঙ্গীর আলোচিত ছিনতাইকারী ‘চাপাতি কামাল’ ও জাহিদ গ্রেপ্তার

গ্রেপ্তার কামাল হোসেন ও জাহিদ দেওয়ান  © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া আলোচিত ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা-পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার (তারিখ) রাতে টঙ্গীর গাজীপুরা কাজীবাড়ি ও এরশাদনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কামাল হোসেন ওরফে ‘চাপাতি কামাল’ (২৮) ও জাহিদ দেওয়ান (২৬)। জাহিদ দেওয়ান টঙ্গীর এরশাদনগর ৩ নম্বর ব্লকের বাসিন্দা জয়নাল দেওয়ানের ছেলে। অপর আসামি কামাল হোসেন ওরফে ‘চাপাতি কামাল’ গাজীপুরা কাজীবাড়ি এলাকার খলিল মিয়ার ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বাসপট্টি এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার গতিরোধ করে দেশীয় ধারালো অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে ছিনতাই করে কামাল, জাহিদ, সোহাগসহ সংঘবদ্ধ একটি চক্র। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে।

এরপর টঙ্গী পূর্ব থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুই চিহ্নিত আসামি চাপাতি কামাল ও তার সহযোগী জাহিদ দেওয়ানকে গ্রেপ্তার করে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।