ভাড়া বাসা থেকে লালমাটিয়া মহিলা কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার
রাজধানীর খিলগাঁওয়ের একটি ভাড়া বাসা থেকে সানজিদা আক্তার মারিয়া (১৮) নামে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা লালমাটিয়া মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) রাতে খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জানা যায়, নিহত সানজিদা আক্তার মারিয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাতকান্দা নয়াপাড়া গ্রামের মো. মহসিনের মেয়ে। প্রায় আট মাস আগে কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা সাইফুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। সাইফুল ফুডপান্ডায় চাকরি করেন। দম্পতি দক্ষিণ গোড়ান এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
আরও পড়ুন: দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৬ জেলায় ভারী বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
এ ঘটনায় নিহতের ভাই চান মিয়া বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসায় ফোন করেও সানজিদার সঙ্গে যোগাযোগ করা যায়নি। পরে তার স্বামী সাইফুল ইসলামকে ফোন করলে তিনি বাসায় গিয়ে দেখে আসতে বলেন। এরপর স্বজনরা দক্ষিণ গোড়ানের ভাড়া বাসায় গিয়ে সানজিদাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। সে সময় তার স্বামী বাসায় ছিলেন না। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের গলায় কালো দাগ রয়েছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।