যশোরে আলোচিত ফাতাহ কমব্যাটের সদস্য আটক
উগ্রবাদী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে যশোর থেকে তাহসীন ইসলাম (১৯) নামে এক তরুণকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আলোচিত ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’-এর সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তবে যশোরে সংগঠনটির কোনো সক্রিয় সাংগঠনিক কার্যক্রমের তথ্য পাওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাহসীন ইসলামকে আটক করা হয়। তিনি ওই এলাকার ওহিদুল ইসলামের ছেলে।
অভিযানের সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি চাপাতি, তারসহ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে ডিবি পুলিশ।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম জানান, রাজধানীর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে দায়ের করা একটি মামলার সূত্র ধরে তাহসীনকে আটক করা হয়েছে। এছাড়া একটি ডাকাতি মামলায় তিনি তৃতীয় নম্বর আসামি বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহসীন ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’ নামে একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তবে তার দেওয়া তথ্য অনুযায়ী, যশোরে সংগঠনটির কোনো সক্রিয় সদস্য বা সাংগঠনিক কার্যক্রমের অস্তিত্ব পাওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাতেই তাহসীন ইসলামকে সিটিটিসির কাছে হস্তান্তর করা হবে।
এর আগে গত ৫ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে সমবেত হওয়ার সন্দেহে ছয় যুবককে আটক করে পুলিশ। সে সময় সিটিটিসি জানিয়েছিল, তদন্তে একটি নেটওয়ার্কের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া গেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’ নামে একটি সংগঠনের বিরুদ্ধে মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে তরুণদের উগ্রবাদে উদ্বুদ্ধ করার অভিযোগ তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি এবং বিষয়টি এখনও তদন্তাধীন।