০৯ জুলাই ২০২৬, ১৬:৫০

চট্টগ্রামে শিশু ইরা হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড

আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবু শেখ  © টিডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় আট বছরের শিশু জান্নাতুল নেসা ইরা মনিকে শ্বাসনালি কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া নারী ও শিশু নির্যাতন আইনের ৭ ধারায় বাবু শেখের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৯ ধারায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। হত্যকাণ্ডের চার মাসের মাথায় এ মামলার রায় ঘোষণা করা হলো।

বৃহস্পতিবার (৯ জুলাই) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জান্নাতুল ফেরদৌস আলোচিত এ হত্য মামলার রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আব্বাস হোসেন গণমাধ্যমকে বলেন, দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। এ ছাড়া নারী ও শিশু নির্যাতন আইনের ৭ ধারায় বাবু শেখের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৯ ধারায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

নিহত জান্নাতুল নেসা ইরা মনির বাড়ি সীতাকুণ্ডের ছোট কুমিরা মাস্টারপাড়ায়। তার বাবা মনিরুল ইসলাম পেশায় একজন টমটমচালক। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল ইরা।

ইরার মৃত্যুর পর ৩ মার্চ দুপুরে সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকা থেকে বাবু শেখকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ। বাবু শেখের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার মধ্যম পুলুপাড়ায়। তিনি সীতাকুণ্ডে ইরা মনির পরিবারের পাশের ঘরে থাকতেন।