০৯ জুলাই ২০২৬, ০৮:২৮

ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল  © সংগৃহীত

ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন স্টপলিস্টে নাম থাকায় ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেলকে আটক করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে এ ঘটনা ঘটে।

আটক শাহরিয়ার করিম রাসেল ঝিনাইদহ শহরের উকিলপাড়া এলাকার রবিউল করিমের ছেলে। তিনি ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সভাপতি।

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, ভারতগামী যাত্রী হিসেবে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে নিয়মিত যাচাই-বাছাইয়ের সময় শাহরিয়ার করিম রাসেলের নাম ইমিগ্রেশন স্টপলিস্টে রয়েছে বলে শনাক্ত হয়। এরপর তাকে ইমিগ্রেশন পুলিশের হেফাজতে নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ জানায়, শাহরিয়ার করিম রাসেলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০২৬) এর অধীনে ঝিনাইদহ থানার মামলা নং-২০ (তারিখ: ৮ জুন ২০২৪), ধারা ৮/৯/১০/১১/১২/১৩ অনুযায়ী একটি মামলা বিচারাধীন রয়েছে। এ কারণেই তার নাম ইমিগ্রেশন স্টপলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান বলেন, স্টপলিস্টে নাম থাকায় শাহরিয়ার করিম রাসেলকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, আটক ব্যক্তির বিষয়ে ঝিনাইদহ থানা পুলিশকে অবহিত করা হয়েছে। সেখান থেকে পুলিশ এলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে।