০৬ জুলাই ২০২৬, ১২:২৫

ময়মনসিংহে ছুরিকাঘাতে নিহত বিজিবি সদস্যের বাবা

প্রতীকী ছবি  © সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়নের গোয়েন্দা শাখায় কর্মরত সদস্য মাজহারুল ইসলাম আকাশের বাবা।

রবিবার (৫ জুলাই) রাত পৌনে ১০টার দিকে উপজেলার বয়ড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রপাড়া সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাজার থেকে বাড়ি ফেরার সময় চন্দ্রপাড়া সড়কে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে অবস্থায় ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মাজহারুল ইসলাম আকাশ দাবি করেন, ছিনতাইকারীরা তার বাবার পথরোধ করেছিল। তিনি তাদের চিনে ফেলায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

বর্তমানে মরদেহ ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্তের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।