ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মাদকবিরোধী অভিযানে চার কেজি গাঁজাসহ সাগর আহমেদ (২৫) নামের এক যুবক গ্রেপ্তার হয়েছেন। এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও একটি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করা হয়।
রবিবার (৫ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি ফরিদপুরের একটি রেইডিং টিম কোতোয়ালি থানার ধুলদী এলাকায় ফরিদপুর-রাজবাড়ী মহাসড়কে অভিযান পরিচালনা করে। সকাল ৭টা ১৫ মিনিট থেকে ৮টার মধ্যে পরিচালিত এ অভিযানে সাগর আহমেদকে আটক করা হয়। অভিযান কালে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা, একটি বাটন মোবাইল ফোন এবং একটি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করা হয়।
গ্রেপ্তার সাগর আহমেদ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মহিষকুন্ডি ডাকঘরের মাদারপুর গ্রামের বাসিন্দা। তিনি মোকলেছুর রহমান ও লুৎফুন্নেছার ছেলে।
এ ঘটনায় ডিএনসি ফরিদপুরের পরিদর্শক বেলায়েত হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান।