০৪ জুলাই ২০২৬, ১০:৪৩

সাপের দংশনের পর তিন ঘণ্টা ঝাড়ফুঁক, প্রাণ গেল ৫ বছরের শিশুর

ঝিনাইদহের শৈলকুপায় সাপের দংশনে রহিত নামে এক শিশু প্রাণ হারিয়েছে  © প্রতীকী ছবি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিষধর সাপের দংশনে রহিত (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের মদনডাঙ্গা গ্রামে। নিহত রহিত কুষ্টিয়ার মিরপুর উপজেলা শহরের রেলস্টেশন এলাকার সজল বেদের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, মদনডাঙ্গা বাজার এলাকায় একটি ফার্নিচারের দোকানের পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলার সময় হঠাৎ একটি বিষধর সাপ রহিতকে দংশন করে। শিশুটির চিৎকার শুনে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে স্থানীয় কানাপুকুরিয়া গ্রামের এক ওঝার কাছে নিয়ে যান। 

অভিযোগ উঠেছে, সেখানে ওঝা শিমুল ও ওমরের নেতৃত্বে প্রায় তিন ঘণ্টা ধরে ঝাড়ফুঁক করা হয়। একপর্যায়ে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: হাইকোর্টের রায়ের দিনই ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল ছিল দেশের সব বিশ্ববিদ্যালয়

ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের ভাষ্য, সাপের কামড়ের মতো জরুরি পরিস্থিতিতে বৈজ্ঞানিক চিকিৎসার পরিবর্তে ঝাড়ফুঁকের ওপর নির্ভরশীলতা প্রাণহানির ঝুঁকি বাড়ায়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সনিয়া আক্তার মুক্তা বলেন, শিশুটিকে সাপে ছোবল দেওয়ার পর তারা ওঝার কাছে নিয়ে যায়। বেশি অসুস্থ হওয়ার পর হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে আসার আগেই সে মারা যায়। শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছেন বলেও জানান তিনি।