মামার লাঠির আঘাতে আহত ভাগ্নের মৃত্যু
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শিশিরকুন্ডু গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মামার লাঠির আঘাতে আহত ভাগ্নে আবু বক্কর (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবু বক্কর শিশিরকুন্ডু গ্রামের আলী আকবরের ছেলে।
পুলিশ জানায়, জমি নিয়ে আবু বক্করের সঙ্গে তার মামা সিরু মিয়ার দীর্ঘদিনের বিরোধ চলছিল। গত মঙ্গলবার (৩০ জুন) রাতে বিরোধপূর্ণ জমির বাঁশ কাটা নিয়ে দু'পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সিরু মিয়া লাঠি দিয়ে আবু বক্করের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।
কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) আনসারুল্লাহ হক জানান, ঘটনার বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। মামলা দায়ের হলে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।