০২ জুলাই ২০২৬, ১৮:৫২

টঙ্গীতে চাঁদাবাজি-অস্ত্র প্রদর্শন: যুবদল নেতা নাজমুলসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মণ্ডল  © টিডিসি সম্পাদিত

গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীতে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের অভিযোগ, শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে মহড়া এবং ঝুট (কারখানার বর্জ্য) ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও প্রভাব বিস্তারের রাজনীতি। বহুল আলোচিত এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. নুরুজ্জামান জামান টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করার পর তদন্তে নেমেছে পুলিশ।

মামলায় টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ও গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মণ্ডলসহ ১৯ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিসিক শিল্পাঞ্চলে ঝুট ব্যবসা পরিচালনা করে আসছেন বাদী নুরুজ্জামান জামান। অভিযোগ অনুযায়ী, গত ২৭ জুন তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরদিন ২৮ জুন শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে এলাকায় মহড়া দেওয়া হয়। এ সময় কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানে প্রবেশ করে ঝুট বিক্রি না করার জন্য ভয়ভীতি প্রদর্শন এবং ব্যবসা দখলের চেষ্টা করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। শিল্পাঞ্চলের প্রধান সড়কে বিপুলসংখ্যক মোটরসাইকেলের বহর নিয়ে চলাচল এবং অস্ত্র প্রদর্শনের অভিযোগে স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নানা প্রশ্ন ওঠে।

মামলা দায়েরের পর টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযান শুরু করে। প্রথম দফায় তিনজনকে গ্রেপ্তারের পর পরবর্তী অভিযানে আরও আটজনকে আটক করা হয়। সব মিলিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জন গ্রেপ্তার হয়েছেন। পুলিশের ভাষ্য, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার ভিডিও ফুটেজ, সিসিটিভি, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে কারা মহড়ায় অংশ নিয়েছিল এবং কার কী ভূমিকা ছিল, তা যাচাই করা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিসিক শিল্পাঞ্চলের কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, সাম্প্রতিক এ ঘটনার পর এলাকায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা শিল্পাঞ্চলে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং প্রভাব বিস্তারের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সশস্ত্র মোটরসাইকেল মহড়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় ইতোমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে, মামলায় নাম আসার বিষয়ে টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ও গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মণ্ডলকে একাধিক বার কল দেওয়া হলেও কল রিসিভ করেননি।