বিয়ের ৬ মাসের মাথায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ের মাত্র ছয় মাসের মাথায় নুসরাত জাহান রিয়া (১৭) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে হওয়া মামলায় তার স্বামী ফরহাদুল ইসলাম রিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের কারণেই তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়।
মঙ্গলবার (৩০ জুন) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের ভাই মো. মোজাম্মেল হোসেন রানা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় রিয়ার স্বামী ফরহাদুল ইসলাম রিফাত, ননদসহ চারজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের পর ৬ মাস আগে ফরহাদুল ইসলাম রিফাতের (২০) সঙ্গে নুসরাত জাহান রিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিসহ বিভিন্ন পারিবারিক বিষয়কে কেন্দ্র করে শ্বশুরবাড়ির সদস্যরা তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। এ নির্যাতনের একপর্যায়ে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে রিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম বলেন, আত্মহত্যার প্ররোচনার ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি ফরহাদুল ইসলাম রিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে। তদন্তে অন্য আসামিদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।