০২ জুলাই ২০২৬, ০৯:২৯

টঙ্গীতে অস্ত্র উঁচিয়ে মোটরসাইকেল মহড়ায় অংশগ্রহণকারী তিনজন গ্রেপ্তার

তিনজনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ  © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে অস্ত্র প্রদর্শনসহ মোটরসাইকেলের মহড়ায় অংশ নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ সময় মহড়ায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— টঙ্গীর পাগার এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মো. মানোয়ার হোসেন (২৮), একই এলাকার মৃত কাজী আবু ফজলের ছেলে কাজী তৌহিদুল ইসলাম সজিব (৩৫) এবং আমতলী কেরানীরটেক এলাকার মৃত বাবুল খার ছেলে রনি খা (৩৯)।

পুলিশ জানায়, গত ২৮ জুন টঙ্গীর পাগার আলেরটেক এলাকায় অবস্থিত ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেড কারখানার ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে শতাধিক মোটরসাইকেলের বহরে একদল দুর্বৃত্ত অস্ত্র প্রদর্শন করে এলাকায় মহড়ার সৃষ্টি করে। ওই সময় কারখানাটিতে বিদেশি কয়েকজন ক্রেতা (বায়ার) উপস্থিত ছিলেন। প্রকাশ্যে এমন অস্ত্রের মহড়া স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার পাশাপাশি শিল্পাঞ্চলের নিরাপত্তা ও বিনিয়োগ পরিবেশ নিয়েও উদ্বেগ তৈরি করে।

ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে অভিযানে নামে। তদন্তের একপর্যায়ে মহড়ায় অংশ নেওয়া তিনজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মহড়ায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

জিএমপি জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আইনের আওতার বাইরে রাখা হবে না বলেও জানিয়েছে পুলিশ।