ব্রাজিল–জাপান খেলা নিয়ে তর্কের জেরে সালিশ, হামলায় প্রাণ গেল বিএনপি নেতার
রাজধানীর আদাবরে ব্রাজিল ও জাপানের খেলা দেখা নিয়ে তর্কের জেরে সৃষ্ট বিরোধ মীমাংসার জন্য বসা শালিশ বৈঠকের পর হামলায় নিহত হয়েছেন বিএনপি নেতা মো. বাদশা মিয়া। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন। বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাদশা মিয়া নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক। আর আহত সাদ্দাম হোসেন একই ইউনিটের সভাপতি। তিনি বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাজিল ও জাপানের খেলা দেখা নিয়ে গত সোমবার (২৯ জুন) রাতে নবোদয় হাউজিং এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় এক পক্ষে ছিলেন বিএনপি নেতা সাদ্দাম হোসেন ও বাদশা মিয়া এবং অপর পক্ষে ছিলেন একই এলাকার রিপন ও পারভেজ।
আরও পড়ুন: গাইবান্ধায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রধান আসামি মুকুল গ্রেপ্তার
এই বিরোধ মীমাংসার জন্য বুধবার সন্ধ্যায় নবোদয় হাউজিং এলাকায় দুই পক্ষ শালিশ বৈঠকে বসে। তবে দীর্ঘ আলোচনা শেষে কোনো সমাধান না হওয়ায় রাত ৮টার দিকে সাদ্দাম হোসেন ও বাদশা মিয়া বৈঠকস্থল থেকে চলে যাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষ তাদের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
হামলায় দুজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে গুরুতর আহত বাদশা মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত সাদ্দাম হোসেন বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, পরশু দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল। পরে তারা নিজেরাই বিষয়টি মীমাংসার জন্য শালিশে বসে। তবে শালিশের ফল এক পক্ষের মনমতো না হওয়ায় প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।