০১ জুলাই ২০২৬, ২২:২৩

জেলের জালে মিলল ৫ কোটি ১০ লাখ টাকার ইয়াবা 

জাল থেকে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ  © সংগৃহীত

 কক্সবাজারের টেকনাফে ছদ্মবেশী এক জেলের জাল থেকে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ইয়াবার বাজার মূল্য ৫ কোটি ১০ লাখ টাকা। এ সময় আজিজুল হক (৩৮) নামে ছদ্মবেশী এক জেলেকে আটক করেছে বিজিবি। বুধবার (১ জুলাই) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ নাজিরপাড়া বিওপি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন, টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভুঁইয়া।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মায়ানমার থেকে নাফ নদী পেরিয়ে ইয়াবার একটি বড় চালান টেকনাফ সদর নাজির পাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্য পেয়ে আলু গোলা পোস্ট সংলগ্ন শফি চেয়ারম্যানের মাছের ঘের এলাকায় বিজিবির একটি বিশেষ দল অবস্থান নেয়। পরে আনুমানিক বেলা ১১টার দিকে তিনজন জেলেকে আসতে দেখে বিজিবি। ওই জেলেরা আসলে জেলের ছদ্মবেশে মাছ ধরার অভিনয় করে ইয়াবার চালানটি নিয়ে বেড়িবাঁধের দিকে আসছিল। এ সময় বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি তাদের ধাওয়া করে একজনকে আটক করতে পারলেও অন্য দুজন পালিয়ে যান।

আটক ব্যক্তির সঙ্গে থাকা ঠেলা জাল তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করে বিজিবি। আটক আজিজুল হক টেকনাফ উপজেলার দক্ষিণ ডেল পাড়া এলাকার বাসিন্দা।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভুঁইয়া জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবির অভিযান, গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম অব্যাহত থাকবে। আটক আসামিকে ও জব্দ করা ইয়াবা নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।