৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সশস্ত্র আনসার মোতায়েন
দেশের উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদার, দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ এবং রোগীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৫ হাজার সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করেছে সরকার। আজ বুধবার (১ জুলাই) এই বাহিনী মোতায়েন করা হয়।
এ উপলক্ষে আজ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে নবনিযুক্ত আনসার সদস্যদের পেশাগত দিকনির্দেশনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ।
ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ জানান, সরকারের জাতীয় নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন করে আনসার সদস্য (যার মধ্যে একজন প্লাটুন কমান্ডার, একজন সহকারী প্লাটুন কমান্ডার এবং আটজন আনসার সদস্য থাকবেন) ২৪ ঘণ্টা পালাক্রমে দায়িত্ব পালন করবেন। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করাই হবে তাদের মূল লক্ষ্য।
উপস্থিত সদস্যদের কঠোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, হাসপাতালগুলোতে রোগীদের হেনস্থাকারী দালালচক্র, অবৈধ অ্যাম্বুলেন্স বাণিজ্য, ওষুধ চোর সিন্ডিকেট এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হস্তে প্রতিরোধ করতে হবে।
অতিরিক্ত মহাপরিচালক সতর্ক করে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো সংবেদনশীল কর্মস্থলে কোনো আনসার সদস্য অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রাখতে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে আধুনিক সফটওয়্যারভিত্তিক যাচাই-বাছাই পদ্ধতির মাধ্যমে যোগ্য সদস্যদের নির্বাচন ও মোতায়েন করা হচ্ছে। এই শৃঙ্খলা ও দক্ষতা ধরে রাখতে পারলে জাপান, সংযুক্ত আরব আমিরাত ও মলদোভাসহ বিভিন্ন দেশে আনসার সদস্যদের বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি পাবে।
সংশ্লিষ্ট সূত্র ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতে, এই সশস্ত্র আনসার মোতায়েনের ফলে গ্রামীণ ও উপজেলা পর্যায়ে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দীর্ঘদিনের নিরাপত্তা উদ্বেগ অনেকাংশে দূর হবে। একই সঙ্গে হাসপাতালের মূল্যবান সরকারি সম্পদের সুরক্ষা নিশ্চিত হওয়াসহ স্বাস্থ্যসেবার সামগ্রিক মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।