প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে
রাজবাড়ীর পাংশা উপজেলায় ঝালমুড়ি কিনতে গিয়ে প্রথম শ্রেণির এক শিশু (৭) ধর্ষণচেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাট্রা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত লুৎফর রহমান (৬০) পেশায় ঝালমুড়ি বিক্রেতা এবং ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী। বর্তমানে শিশুটি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি তাদের প্রতিবেশী ঝালমুড়ি বিক্রেতা লুৎফর রহমানের বাড়িতে ঝালমুড়ি কিনতে যায়। সে সময় বাড়িতে কেউ না থাকার সুবাদে লুৎফর রহমান শিশুটিকে ঘরের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। লুৎফরের কবল থেকে ছুটে শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পর শিশুটি শরীরের বিভিন্ন স্থানে তীব্র ব্যথা অনুভব করলে তার মায়ের সন্দেহ হয়। প্রথমে ভয়ে কিছু না বললেও মায়ের বারবার জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শিশুটি ঘটনার বিস্তারিত খুলে বলে।
স্বজনরা জানান, শিশুটির পেটে ও বুকে আঘাতের ও ক্ষতের চিহ্ন রয়েছে।
ঘটনা জানার পর স্বজনরা শিশুটিকে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে রাজবাড়ী সদর হাসপাতালে স্থানান্তর করেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শিশুটিকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী শিশুটির ফুফু বলেন, ‘লুৎফর আমাদের প্রতিবেশী। মেয়েটি ওর কাছে ঝালমুড়ি কিনতে গেলে ও ঘরে নিয়ে এই জঘন্য কাজ করার চেষ্টা করে। আমরা মেয়েটিকে নিয়ে এখন রাজবাড়ী সদর হাসপাতালে আছি। বিষয়টি পাংশা মডেল থানার ওসি সাহেবকে মৌখিকভাবে জানিয়েছি। আজ বুধবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম জানান, ভুক্তভোগী পরিবারটি মৌখিকভাবে বিষয়টি পুলিশকে অবহিত করেছে। তারা বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে অবস্থান করছে। লিখিত অভিযোগ পেলেই বিষয়টি তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।