মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট
মেহেরপুরের গাংনীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে আক্কাস আলী (৪৫) নামের এক স্কুলশিক্ষকের বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু ও প্রাণনাশের হুমকিসংবলিত চিরকুট উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১ জুলাই) সকালে উপজেলার কসবা গ্রামের ওই শিক্ষকের বাড়ির সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়।
আক্কাস আলী কসবা গ্রামের মোল্লাপাড়ার রজব আলীর ছেলে এবং গাংনী সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রায় ছয় মাস ধরে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে আক্কাস আলীর বিরোধ চলছিল। সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জমি পরিমাপ করেন। বুধবার জমি-সংক্রান্ত কাগজপত্র নিয়ে ভূমি অফিসে যাওয়ার কথা ছিল তার। এর আগেই দুর্বৃত্তরা বাড়িতে বোমাসদৃশ বস্তু ও একটি হুমকিসংবলিত চিরকুট রেখে যায় বলে অভিযোগ উঠেছে।
উদ্ধার হওয়া চিরকুটে রাস্তার পাশ দিয়ে পানি চলাচলে বাধা না দেওয়ার হুমকির পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।
গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।