৩০ জুন ২০২৬, ১৬:০০

মিরসরাইয়ে ১৯ ভারতীয় গরু ও দুই পিকআপ জব্দ, গ্রেপ্তার ৪

জব্দ করা ভারতীয় গরু ও পিকআপ  © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জোরারগঞ্জ থানার পুলিশের অভিযানে চোরাচালানকালে ১৯টি ভারতীয় গরু ও দুটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার গামারী বাগান এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি পিকআপে করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ১৯টি ভারতীয় গরু উদ্ধার করা হয়। উদ্ধার করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১৬ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুর রাজ্জাক (৬৫), নজরুল ইসলাম (২২), মো. আরিফ (২৭) ও রাসেল ওরফে আলম (৩৫)।

অভিযানের বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, উদ্ধার হওয়া গরু ও জব্দ দুটি পিকআপ গাড়ি থানার হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেপ্তার করা আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়া চলমান।