ঝিনাইদহ সীমান্তে বিদেশি পিস্তল-গুলি জব্দ, এসকফ সিরাপ উদ্ধার
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি ও ২৪ বোতল বিক্রয়নিষিদ্ধ এসকফ সিরাপ জব্দ করেছে ৫৮ বিজিবি।
শনিবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সামন্তা সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলেহাটি গ্রামের মো. মোনতাজ আলীর পুকুরের উত্তর পাড়সংলগ্ন জঙ্গলে টহল জোরদার করা হয়। এ সময় বিজিবি সদস্যরা দুইজন অজ্ঞাত চোরাকারবারিকে দেখতে পেয়ে ধাওয়া করলে তারা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে একটি কার্টনের ভেতর থেকে ইতালির তৈরি ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি এবং ভারতীয় ২৪ বোতল বিক্রয়নিষিদ্ধ এসকফ সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা অস্ত্র, ম্যাগাজিন, গুলি ও এসকফ সিরাপ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় এজাহারের মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।