সুন্দরবনে কোস্ট গার্ডের সাথে দুলাভাই বাহিনীর বন্দুকযুদ্ধে একজন নিহত, গুলিবিদ্ধ ২
সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যু ‘দুলাভাই বাহিনীর’ সদস্যদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে সওকত সরদার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও রবিউল ইসলাম ও ইসরাফিল হাওলাদার নামের দুজন। বৃহস্পতিবার (২৫ জুন) রাতের কোনো এক সময় কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সওকাত সরদার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত এজাহার আলীর ছেলে। গুলিবিদ্ধ রবিউল ইসলাম একই এলাকার মৃত মানিক গাজীর ছেলে। গুলিবিদ্ধ ইসরাফিল হাওলাদার (২৭) সাতক্ষীরার আশাশুনি উপজেলার আটালি বাগালি গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে।
কয়রা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম জানান, শুক্রবার ভোরে দুই দফায় কোস্ট গার্ড দুজন গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে সওকত নামের একজনকে মৃত অবস্থায় আনা হয়। অপর গুলিবিদ্ধ রবিউল ইসলামকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুপুরের দিকে ইসরাফিল নামের আরও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসে পুলিশ সদস্যরা। তার ডান হাতের আঙুলে গুলি লেগেছে, আর পায়েও আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কয়রা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। তবে কোন কোন বাহিনীর মধ্যে এ সংঘর্ষ হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে গোলাগুলির ঘটনায় শুক্রবার (২৬ জুন) দুপুরে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। বিজ্ঞপ্তিতে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি। এতে জানানো হয়, খুলনা জেলার কয়রা থানার বনপাড়া সংলগ্ন সুন্দরবনের গহীনে বাংলাদেশ কোস্ট গার্ড পরিচালিত এক বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী'র সদস্যদের সঙ্গে রাতব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় ভর্তিতে ‘সেকেন্ড টাইম’ না রাখায় যোগ্য শিক্ষার্থীদের আগ্রহ ও দক্ষতা অগ্রাহ্য হচ্ছে
বোটে অবস্থানরত ডাকাতদল কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলি চালানো শুরু করে এবং আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও ডাকাতদের বোট লক্ষ্য করে গুলি ছোড়ে। চলমান এ অভিযানে এখন পর্যন্ত তিনজন ডাকাত সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং বাহিনীর পলাতক ডাকাতদের আটকের লক্ষ্যে কোস্ট গার্ড কর্তৃক অভিযান চলমান রয়েছে। অভিযান সমাপ্ত হলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে অবহিত করা হবে। বর্তমানে উক্ত এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
সাধারণ জনগণকে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে আতঙ্কিত না হওয়ার এবং স্বাভাবিকভাবে চলাচল করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। তিনি আরও বলেন, ডাকাত দলের সদস্যরা সুন্দরবনের অভ্যন্তরে এবং নিকটবর্তী লোকালয়ে আশ্রয় নেবার চেষ্টা করতে পারে বিধায় সবাইকে সতর্ক থাকা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।