মসজিদের মক্তবে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গাইবান্ধার সাদুল্লাপুরে মক্তবে কোরআন শিখতে গিয়ে এক শিশুকন্যা (৭) যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। মক্তবের অন্য শিশুদের ছুটি দিয়ে ভুক্তভোগী শিশুকে কৌশলে আটকে রেখে এই অপকর্মের চেষ্টা চালান মসজিদেরই এক মুয়াজ্জিন। ঘটনাটি জানাজানি হলে ক্ষুব্ধ স্থানীয় জনতা অভিযুক্তকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
শুক্রবার (২৬ জুন) বিকেলে সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের কিশামতবাগচী আকন্দপাড়া জামে মসজিদের মক্তবে এ ঘটনা ঘটে।
আটক ওই মসজিদের মুয়াজ্জিন মনির হোসেন (২২)। তিনি আকন্দপাড়া গ্রামের মিলন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মক্তবের পাঠ শেষে অন্য সব শিশুদের বাড়ি পাঠিয়ে দেন মনির। এরপর সাত বছর বয়সী এক শিশুকে কৌশলে ভেতরে আটকে রেখে যৌন নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। শিশুটির আচরণ ও ঘটনার বিষয়ে জানতে পেরে স্থানীয়রা দ্রুত মসজিদে গিয়ে অভিযুক্তকে আটক করেন। পরে ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মুয়াজ্জিনকে হেফাজতে নিয়ে থানায় যায়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে অভিযুক্ত মুয়াজ্জিনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে এজাহারের প্রস্তুতি চলছে। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’