ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ আব্দুল মান্নান (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) সকালের দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আব্দুল মান্নানের বাবার নাম জয়নাল আবেদীন এবং তার হাজতি নম্বর ২০২৭৫/২৬। তার গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জের উত্তর বালুখন্ড এলাকায়। কারা সূত্রে জানা গেছে হাজতি মান্নান একটি মাদক মামলায় কারাগারে বন্দী ছিলেন।
কারারক্ষী বিপ্লব জানান, আজ সকালের দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাজতি আব্দুল মান্নান। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা কয়েকজন কারারক্ষী চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে হাজতি আব্দুল মান্নানের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।