ভিসা প্রতারক চক্রের চার সদস্য গ্রেফতার
সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে ভিসা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নীলফামারীতে চার সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন, কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়ন (বসুনিয়াপাড়া) এলাকার রাব্বি ইসলাম (২৪), রিফাত ইসলাম ওরফে বৃটিশ (২০), আনিসুল ইসলাম (১৯) এবং নীলফামারী সদর উপজেলার বড় সংগলশী খামাতপাড়া এলাকার শান্ত ইসলাম (১৯)।
ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় ও ডিবির ওসি মতলুবর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়ন (বসুনিয়াপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জব্দ করা মোবাইল ফোন পর্যালোচনায় ভিসা প্রতারণা ও জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন সম্পাদিত (এডিটকৃত) কাগজপত্র, ভুয়া বিদেশি নম্বর দিয়ে নিবন্ধিত হোয়াটসঅ্যাপ ও ইমো অ্যাকাউন্ট এবং অনলাইন ক্যাসিনো ও জুয়ার অ্যাপের তথ্য পাওয়া যায়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে দেশ ও দেশের বাইরে অবস্থানরত চাকরিপ্রত্যাশীদের বিদেশে চাকরি ও ভিসার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করে আসছিল।
এ বিষয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি প্রতারণা চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।